ইমান বিল গায়েব

জাভেদ আহমেদ গামিদি

বাংলা অনুবাদ: ইমদাদ হোসেন

 

‘ইমান বিল গায়েব’-এর অর্থ: সেই সব সত্যকে মেনে নেওয়া, যা চর্মচক্ষু দিয়ে দেখা সম্ভব নয়, বরং মানুষ নিছক যৌক্তিক প্রমাণের ভিত্তিতে সেগুলো স্বীকার করে নেয়। আমরা মহান আল্লাহর সত্তাকে দেখতে পাই না; কিয়ামত এখনো আমাদের চোখ থেকে আড়ালে রয়েছে; জিব্রাইল আমিন যখন নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে ওহি নিয়ে আসতেন, তখনো আমরা দেখিনি; কিন্তু তা সত্ত্বেও আমরা এগুলোর সবই বিশ্বাস করি। এর কারণ, এই সত্যগুলো মেনে নেওয়ার জন্য মানুষের নিজের সত্তার ভেতরে, মহাবিশ্বের দিগন্তে এবং খোদ আল্লাহর নবী যে কালাম পেশ করেছেন, তাতে এমন শক্তিশালী প্রমাণ বিদ্যমান যে, কোনো বুদ্ধিমান ব্যক্তি তা অস্বীকার করতে পারে না।

সুতরাং, আমরা এগুলো না বুঝে অন্ধভাবে মানি না, বরং না দেখে মানি। যে জিনিস দেখা সম্ভব নয়, কিন্তু বুদ্ধির মাধ্যমে উপলব্ধি করা সম্ভব, তা সচক্ষে দেখার দাবি করাই হলো সবচেয়ে বড় নির্বুদ্ধিতা। বর্তমান যুগে বিজ্ঞান এমন কত শত সত্য আবিষ্কার করেছে, যা আমাদের ইন্দ্রিয় দিয়ে ধরা ছোঁয়া যায় না, কিন্তু তা সত্ত্বেও আমরা সেগুলো ঠিক সেভাবেই মেনে নেই — যেভাবে ভরদুপুরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আমরা স্বীকার করি যে, সূর্য আলো দিচ্ছে এবং তার আলো চারদিকে ছড়িয়ে আছে। কুরআন যে সত্যগুলো পেশ করেছে, সেগুলোর ব্যাপারে আমাদের ইমানের ভিত্তিও এটাই। সেগুলো নিঃসন্দেহে ইন্দ্রিয়-অগোচর, কিন্তু বুদ্ধি-অগোচর নয়। আমরা সেগুলোকে যুক্তির নিক্তিতে মেপেছি এবং তাতে সামান্যতম কমতিও খুঁজে পাইনি। এই কারণে আমরা সেগুলোর ওপর ‘ইমান বিল গায়েব’ রাখি। এর অর্থ হলো, আমরা সেগুলো বুদ্ধি ও ফিতরাতের অকাট্য দলিলের ভিত্তিতে বিশ্বাস করি; চোখের সামনে দেখার পর ইমান আনব — এমন জিদ ধরি না।

[১৯৮৭ খ্রিস্টাব্দ]

GCIL Bangla

Visit us

Suite 230, 3620 N Josey Ln,

Carrollton, Dallas, TX 75007

Contact us via email

info@almawridus.org

Copyright 2025, Ghamidi Center of Islamic Learning. All Rights Reserved. GCIL is an initiative of Al-Mawrid U.S. A 501(c)(3) tax-exempt organization in the U.S. Federal EIN: 46-5099190.