Al-Ishraq March 2026
কুরআনি গবেষণা

কুরআনের তরজমা : সুরা বাকারা [১-১৬]

الم ‎﴿١﴾‏ ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ ‎﴿٢﴾‏ الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ ‎﴿٣﴾‏ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ ‎﴿٤﴾‏ أُولَٰئِكَ عَلَىٰ هُدًى مِّن رَّبِّهِمْ ۖ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ ‎﴿٥﴾‏

অনুচ্ছেদ ১ (আয়াত ১ - ৫)

এটা ‘আলিফ-লাম-মিম’ নামের সুরা। এটা আল্লাহর কিতাব, এর আল্লাহর কিতাব হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নেই। হেদায়েত সেই খোদাভীরুদের জন্য, যারা অদৃশ্যে বিশ্বাস করে এবং নামাজের ব্যবস্থা করে, আর আমরা তাদেরকে যা দিয়েছি, তা থেকে (আমাদের পথে) ব্যয় করে। আর যারা বিশ্বাস করে সেটার ওপর, যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং সেটার ওপরও, যা তোমার আগে নাজিল করা হয়েছে; আর তারা আখেরাতের ওপর নিশ্চিত বিশ্বাস রাখে। এরাই নিজেদের প্রতিপালকের পক্ষ থেকে প্রাপ্ত হেদায়েতের ওপর রয়েছে এবং এরাই সফলকাম।

إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لَا يُؤْمِنُونَ ‎﴿٦﴾‏ خَتَمَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَعَلَىٰ سَمْعِهِمْ ۖ وَعَلَىٰ أَبْصَارِهِمْ غِشَاوَةٌ ۖ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ ‎﴿٧﴾

অনুচ্ছেদ ২ (আয়াত ৬ - ৭)

এর বিপরীতে যেসব লোক এই কিতাব না মানার ফয়সালা করেছে, তাদের জন্য একই কথা, তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তারা মানবে না। তাদের অন্তরে এবং কানে আল্লাহ (নিজের আইন অনুযায়ী) মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখে পর্দা রয়েছে, আর (কিয়ামতের দিন) এক বড় আজাব রয়েছে, যা তাদের জন্য অপেক্ষমাণ।

وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ ‎﴿٨﴾‏ يُخَادِعُونَ اللَّهَ وَالَّذِينَ آمَنُوا وَمَا يَخْدَعُونَ إِلَّا أَنفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ ‎﴿٩﴾‏ فِي قُلُوبِهِم مَّرَضٌ فَزَادَهُمُ اللَّهُ مَرَضًا ۖ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ بِمَا كَانُوا يَكْذِبُونَ ‎﴿١٠﴾‏ وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ ‎﴿١١﴾‏ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَٰكِن لَّا يَشْعُرُونَ ‎﴿١٢﴾‏ وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا أَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ ۗ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَٰكِن لَّا يَعْلَمُونَ ‎﴿١٣﴾‏ وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَىٰ شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ ‎﴿١٤﴾‏ اللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ ‎﴿١٥﴾‏ أُولَٰئِكَ الَّذِينَ اشْتَرَوُا الضَّلَالَةَ بِالْهُدَىٰ فَمَا رَبِحَت تِّجَارَتُهُمْ وَمَا كَانُوا مُهْتَدِينَ ‎﴿١٦﴾‏

অনুচ্ছেদ ৩ (আয়াত ৮ - ১৬)

আর এই লোকদের মধ্যেই সেই (মুনাফিকরা) রয়েছে, যারা বলে: ‘আমরা আল্লাহকে মেনেছি এবং কিয়ামতের দিনকে মেনেছি’, অথচ তারা এর কোনো কিছুকেই মানে না। তারা আল্লাহ এবং ইমানদারগণ — উভয়কে প্রতারিত করতে চায়, আর বাস্তবতা হলো এই যে, তারা নিজেদেরই প্রতারিত করছে, কিন্তু তারা এর চেতনা রাখে না। তাদের অন্তরে (হিংসার) ব্যাধি ছিল, তাই আল্লাহ তাদের এই ব্যাধি আরও বাড়িয়ে দিয়েছেন তাদের এই অপরাধের শাস্তি হিসেবে যে, তারা মিথ্যে বলত, আর তাদের জন্য রয়েছে বড় যন্ত্রণাদায়ক আজাব। যখন তাদেরকে বলা হয়, (তোমাদের এই আচরণের মাধ্যমে) তোমরা এই জমিনে ফাসাদ সৃষ্টি করো না, তখন জবাবে বলে: ‘আমরাই তো সংশোধনকারী।’ সাবধান, এরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা এটা অনুভব করছে না। যখন তাদের বলা হয়, তোমরাও ঠিক সেভাবে ইমান আনো, যেভাবে (তোমাদের সামনে) এই লোকেরা ইমান এনেছে, তখন (বড় অহংকারের সাথে) বলে: ‘আমরা কি এই নির্বোধদের মতো ইমান আনব?’ শুনে রাখো, এরাই নির্বোধ, কিন্তু তারা জানে না। যখন তারা মুসলমানদের সাথে মিলিত হয়, তখন বলে: ‘আমরা মেনে নিয়েছি’ এবং যখন একান্তে নিজেদের শয়তানদের কাছে পৌঁছে, তখন বলে: ‘আমরা তোমাদের সাথেই আছি, আমরা তো বিদ্রূপ করছিলাম।’ (তারা কী বিদ্রূপ করবে? বাস্তবতা হচ্ছে এটাই যে), আল্লাহ তাদের সাথে বিদ্রূপ করছেন এবং তাদের অবাধ্যতায় তাদেরকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন, এমনভাবে যে — তারা পথভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। এরাই তারা, যারা হেদায়েতের বিনিময়ে পথভ্রষ্টতাকে অগ্রাধিকার দিয়েছে, ফলে তাদের এই ব্যবসা (তাদের জন্য) সামান্যতম লাভজনক হয়নি এবং তারা সঠিক পথও পায়নি।

GCIL Bangla

Visit us

3624 Market St, Suite 5E

Philadelphia, PA 19104

Contact us via email

info@almawridus.org

Follow us

Copyright 2025, Ghamidi Center of Islamic Learning. All Rights Reserved. GCIL is an initiative of Al-Mawrid U.S. A 501(c)(3) tax-exempt organization in the U.S. Federal EIN: 46-5099190.